
২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। সেদিন কোটি কোটি ব্রাজিলিয়ানের সামনে সেলেসাও ফুটবলারদের লজ্জায় ডুবিয়েছিলেন মুলার-ওজিলরা। সেই ম্যাচে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল তারা। আন্তর্জাতিক ফুটবলের সেই ম্যাচের ইতিহাস নিয়ে এখনও উপহাস সহ্য করতে হয় ব্রাজিলভক্তদের।
তবে আসিয়ান কাপে ব্রাজিলের সেই লজ্জাজনক পরাজয়কেও টপকে দিয়েছে বাংলাদেশের ফুটবলাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। যা বাংলাদেশি ফুটবলভক্তদের চরমভাবে হতাশ করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে শেখ মোরসালিনের জায়গায় শাহরিয়ার ইমন একাদশে নামেন। ম্যাচে প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয় আরও ৩ গোল করেছে ইন্দোনেশিয়া।
বাংলাদেশ মূলত হেরেছে ইন্দোনেশিয়ার ফুটবলার মিসেল বেকারের কাছে। চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মিসেল বেকার ইন্দোনেশিয়ার নাগরিকত্ব নেন। অভিষেকেই কম্বোডিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের আগমনী বার্তা দেন তিনি।
আর আজ ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে স্বভাবসুলভ পারফরম্যান্স দেখিয়ে পাঁচ গোলের দেখা পেয়েছেন তিনি! ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ডের নৈপুণ্যেই মূলত বাংলাদেশ বিধস্ত হয়েছে।
অন্যদিকে বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন স্ট্রাইকার ইমন ও ফারহান। যা শুধু মাত্র ব্যবধানই কমিয়েছে।
আরটিভি/এসআর



