ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নিষিদ্ধ হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত

মাঠে হার, সঙ্গে লাল কার্ডের ধাক্কা পোর্টসমাউথের বিপক্ষে রাতটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর। ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ফলে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হামজাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে শেফিল্ড ইউনাইটেডকে। তবে হামজার বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কোচ ক্রিস ওয়াইল্ডার।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে পরাজয়ের পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় রয়েছেন হামজা। সে ক্ষেত্রে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে বাংলাদেশের এই ফুটবলারকে।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তার দাবি, শুরুতে হামজাকে লাল কার্ড দেখানো হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

ওয়াইল্ডারের মতে, পুরো ঘটনা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। হামজার মাঠে অবস্থান এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, মাঠে এমন ঘটনা প্রায়ই ঘটে। স্যাম ম্যাককালামকেও তিন-চারবার আটকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার কথাও জানান শেফিল্ড কোচ। তার ভাষায়, হামজা আর কোথায় যেতে পারত, সেটিই তিনি বুঝতে পারছেন না। এ বিষয়ে নিজের বক্তব্য প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে হচ্ছে বলে জানান ওয়াইল্ডার।

নিজের বক্তব্যের পক্ষে ওয়েস্ট হাম ও কুইন্স পার্ক রেঞ্জার্সের মধ্যকার একটি ম্যাচের উদাহরণও টানেন তিনি। ওয়াইল্ডারের দাবি, ওই ম্যাচের ৯৩ মিনিটে ওয়েস্ট হাম পেনাল্টি পেয়েছিল। পরে চতুর্থ অফিশিয়ালের কাছে জার্সি টানার ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি।

হামজার বহিষ্কার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াইল্ডার বলেন, তাদের জানানো হয়েছিল হামজাকে লাল কার্ড দেখানো হবে না। প্রতিপক্ষের খেলোয়াড়েরা রেফারির কাছে আবেদন করতেই পারেন, কারণ এটি খেলারই অংশ। তবে পুরো ঘটনায় নিজেদের অন্যায়ের শিকার বলে মনে করছে শেফিল্ড ইউনাইটেড।

পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে পোর্টসমাউথ। এমন পরিস্থিতিতে হামজাকে পরের ম্যাচে না পাওয়া শেফিল্ডের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
অপেক্ষার অবসান হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসর।
কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
ভুটান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তপু
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে ভুটানের বিপক্ষে আসন্ন ম্যাচে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু বর্মণ।
ভুটান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তপু
চ্যাম্পিয়নস লিগ / এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলাকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। আর এই ম্যাচের শুরুতেই গোল করে এমবাপ্পের রেকর্ড ভেঙে দিয়েছেন লামিন ইয়ামাল। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ন্যু ক্যাম্পে সপ্তম মিনিটে গোল করে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কিশোর হয়েছেন তিনি। সেই সঙ্গে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকোর জার্সিতে এই রেকর্ডটি গড়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। ১৩ গোল করে এতদিন রেকর্ডটি নিজের করে রেখেছিলেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত এমবাপ্পে ৭২ গোল করেছেন।  তবে ১৯ বছর বয়সী ইয়ামাল চ্যাম্পিয়নস লিগে ১৪তম গোল করেছেন। ইয়ামালের ১৪ গোল হয়েছে মাত্র ৩৭ ম্যাচে। এই সময়ে তিনি চ্যাম্পিয়নস লিগে আরও কয়েকটি রেকর্ড গড়েছেন।  চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল তার। পোর্তোর বিপক্ষে পূর্ণ ইউরোপিয়ান অভিষেক হয়েছিল তার মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে। চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্টের রেকর্ডও এই স্পেন তারকার। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সেমিফাইনালে করেছেন গোল। তাছাড়া ১৮তম (৫) ও ১৯তম (১১) জন্মদিনের আগে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ও তিনি। তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা হারিয়েছেন তিনি। এই বছরের শুরুতে ম্যাক্স ডাউম্যান তার সেই রেকর্ড ভেঙে দেন।  ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইন ও এমবাপ্পের পর তৃতীয় হয়ে শেষ করা ইয়ামাল নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছেন। সব প্রতিযোগিতায় ১৫ ম্যাচ খেলে ১৩ গোল ও ১১ অ্যাসিস্ট তার। আরটিভি/এসআর
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডে পিএসজির কাছে হেরে মনোবলে বড় ধাক্কাই লেগেছিল বার্সেলোনার। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে কাতালানরা। ঘরের মাঠে অ্যাস্টোন ভিলা রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।  মঙ্গলবার (৪ নভেম্বর) ন্যু ক্যাম্পে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। শুরুতেই লামিনে ইয়ামালের গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ইউরোপের সবচেয়ে সফল গোলদাতা রাফিনিয়া।  এদিন সপ্তম মিনিটে নিজেদের ভুলে গোল খায় সফরকারীরা। গোল কিক থেকে মারাত্মক ভুলে জোয়াও গোমেস সরাসরি ইয়ামালকে পাস দেন, ১২ গজ দূর থেকে তিনি কোনাকুনি শটে গোল করেন। ভিলা কয়েক মিনিটের মধ্যে সমতা ফেরানোর কাছে ছিল। দুটি কর্নার থেকে বার্সার এলেমেলো রক্ষণভাগের সুযোগ নিয়ে গোল করতে পারতো তারা। প্রথমে ম্যাটি ক্যাশের দূরের পোস্ট থেকে নেওয়া শট ডিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে যায়।  পরেরটিতে গোমেস ভেবেছিলেন, তিনি হয়তো তার ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন। কিন্তু শেষ মুহূর্তে জোয়াও কানসেলো দারুণভাবে ব্লক করেন তার শট। ভিলা আত্মবিশ্বাস ফিরে পায় এবং বার্সার অর্ধে আক্রমণ করে।  ১৯তম মিনিটে সমতা ফেরানোর কাছে ছিল। নিকোলাস জ্যাকসন ডানপ্রান্ত দিয়ে এগিয়ে বল বাড়ান। জোহান মানজাম্বি গোলবারের পাশ দিয়ে বল মারেন। জ্যাকসনকে আবারও হতাশ হতে হয়। তাকে শুধু জোয়ান গার্সিয়াকে পরাস্ত করলেই হতো।  কিন্তু বার্সা কিপার এগিয়ে এসে পা দিয়ে ট্যাকল করে বল বিপদমুক্ত করেন। মানজাম্বি বক্সে ঢুকলে আবারও ভিলা হুমকি তৈরি করে, কিন্তু গার্সিয়া তা রুখে দেন। এত এত সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে অতিথি দলকে।  ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ফারমিন লোপেজ বক্সের প্রান্তে রাফিনিয়াকে বল দেন এবং তার শট পাউ তোরেসের গোড়ালিতে লেগে দিক পাল্টে গোলপোস্টের কোণা দিয়ে জালে জড়ায়। ১২ মিনিট পর আসে তৃতীয় গোল। কানসেলো জন ম্যাকগিনকে কাটিয়ে রাফিনিয়াকে বল দেন, ছয় গজ দূর থেকে গোল করতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১৩ ম্যাচে ১৯ গোল হলো তার। লিওন গোরেৎকার একটি চমৎকার হেড গোলপোস্টে লাগলে ভিলার স্কোরশিটে নাম লেখা হয়নি। তারপর বোবাকার কামারাকে ভুল পাস দিয়ে বিপদে পড়েন ভিলা গোলরক্ষক জিওন সুজুকি। ফিরতি শটে ফারমিনকে রুখে দেন তিনি।  চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ কিশোর গোলদাতা হওয়া ইয়ামাল পরে দুটি শট নিলেও গোলবারের পাশ দিয়ে মারেন। চার ম্যাচে ভিলার সমান ৯ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে বার্সা। শীর্ষ দল পিএসজির (১২) চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা। আরটিভি/এসআর
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
আরও পড়ুন
গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
বাংলাদেশকে নিয়ে প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন