
দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ দেখতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে শুরু হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি। টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচ দেখতে দর্শকদের গুনতে হবে সর্বনিম্ন এক হাজার টাকা। সর্বোচ্চ শ্রেণির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে একটি টিকিট কিনেই একই দিনে দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা।
টিকিট কিনতে অনলাইনে টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করে সাফ চ্যাম্পিয়নশিপের ইভেন্ট পেজে যেতে হবে। এরপর পছন্দের ম্যাচের দিন ও গ্যালারির শ্রেণি নির্বাচন করে কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
টিকিটের কিউআর কোড অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে টিকিফাই। একই কোড ব্যবহার করে একাধিক ব্যক্তি স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে যিনি প্রথম প্রবেশ করবেন, কেবল তার প্রবেশই নিশ্চিত হবে।
সাফের গ্রুপপর্বের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারির টিকিটের দাম এক হাজার টাকা। ক্লাব হাউসের টিকিট চার হাজার, ভিআইপি গ্যালারি সাত হাজার, রেড বক্স আট হাজার এবং করপোরেট বক্সের টিকিটের দাম ১০ হাজার টাকা।
একটি টিকিটে দিনে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকলেও সর্বনিম্ন এক হাজার টাকার টিকিট অনেক দর্শকের জন্য বাড়তি ব্যয়ের কারণ হতে পারে। এর সঙ্গে যাতায়াত ও খাবারের খরচও যোগ হবে।
টিকিটের দাম প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘এটা আসলে একটা দিনের পাস। এক দিনে দুটি করে ম্যাচ। গড়ে ম্যাচ প্রতি ৫০০ টাকা করে পড়ছে। গ্রুপ পর্যায়ে আমরা সর্বনিম্ন গ্যালারি টিকিট এক হাজার করেছি। সেমিফাইনালের টিকিটের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।’
টিকিট বিক্রি শুরুর আগে টিকিফাইয়ের নির্ভরযোগ্যতা নিয়েও আলোচনা রয়েছে। গত বছর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির দায়িত্বে ছিল এই প্ল্যাটফর্ম। সে সময় টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে প্রযুক্তিগত জটিলতা দেখা দেয়। অনেক দর্শক সাইটে প্রবেশ করতে পারেননি। আবার অর্থ পরিশোধের পরও টিকিট না পাওয়ার অভিযোগ করেন কেউ কেউ। তখন বাফুফে ও টিকিফাইয়ের পক্ষ থেকে সাইবার হামলার কথা বলা হয়েছিল।
তবে এবার সাফের মার্কেটিং স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর কর্মকর্তা সজীব টিকিফাইয়ের ওপর আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘টিকিফাইয়ের প্রোফাইল এখন বেশ ভালো। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি স্টার্ট আপ প্রতিষ্ঠান হিসেবে টিকিফাইয়ের প্রতি আস্থা রেখেছেন। সব কিছু বিবেচনা করেই টিকিফাইকে আমরা বেছে নিয়েছি।’
এবারের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।
আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুটি ম্যাচ। এরপর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব।
আরটিভি/এসকে


