
চীনের মকিতে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে একদিনে কাজাখস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দলই। সকালে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-২০ দল ৪-২ ব্যবধানে এবং বিকেলে নারী দল ৪-০ গোলের দাপুটে জয় নিশ্চিত করে।
টুর্নামেন্টের ষষ্ঠ স্থান অর্জনকারী দলগুলো সরাসরি যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। গত আসরে যুব বিশ্বকাপে খেলা বাংলাদেশ পুরুষ দলের জন্য এবার টানা দুই হারে মূল পর্বে ওঠার পথ কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল।
প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে ব্যাকফুটে চলে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে কাজাখস্তানের বিপক্ষে এই জয়ে আবার বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে অনূর্ধ্ব-২০ পুরুষ দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে টানা চাপে রাখে বাংলাদেশ। দলের হয়ে শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম একটি করে গোল করে জয় নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে আসরে নিজেদের প্রথম পয়েন্টের মুখ দেখল দলটি। পুরুষ দলের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, যার ওপর নির্ভর করছে স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ।
অন্যদিকে টুর্নামেন্টের চ্যালেঞ্জার গ্রুপে উড়ন্ত সূচনা বজায় রেখেছে বাংলাদেশ নারী হকি দল। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ হংকংয়ের বিপক্ষে, তবে সেই ম্যাচের ফল যাই হোক না কেন, গ্রুপের শীর্ষস্থান কিংবা পরবর্তী সমীকরণে তা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
আরটিভি/এসআর


