গাজীপুরে পৃথক দুই অভিযানে ৯ লাখ টাকা মূল্যের ৬১ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৫ এপ্রিল) র্যাব-১ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন–টঙ্গীর কেরানির টেকের হারুন শেখ (৫৩) ও সদরের সোনা মিয়া (৪৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানির টেক মাদক বস্তি থেকে হারুন শেখ ও মেট্রো সদর থানাধীন রশিদ সুপার মার্কেটের সামনে একটি মুরগির দোকান থেকে সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯ লাখ টাকা মূল্যের ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানের সময় মাদক কারবারিদের চাপে শারমিন নামে এক কারবারিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে র্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. নিয়ামুল হালিম খান বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া এক নারীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
আরটিভি/এসএস



