কাবাডি খেলার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ১১:১৩ এএম


কাবাডি খেলার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে জুয়েল (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড়চরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল একই ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

জানা গেছে, কয়েকদিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ি ও বড়চরা গ্রামের কয়েকজন তরুণের মধ্যে কাবাডি খেলা নিয়ে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও দুই পক্ষের মধ্যে বিরোধের রেশ থেকে যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় জুয়েল ডিমবোঝাই একটি গাড়ি নিয়ে বড়চরা গ্রামের দিকে যাওয়ার সময় প্রতিপক্ষের কয়েকজন তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহতের খালাতো ভাই মোহাম্মদ নয়ন গণমাধ্যমকে বলেন, খেলা নিয়ে দুই গ্রামের ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাই জুয়েলের ওপর হামলা চালানো হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission