
নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলিয়াস (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস আত্রাই উপজেলার চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি শাহাগোলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ইলিয়াস অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ইতোমধ্যে নিহতের পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/এমএম




