
পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ উদ্যোগের আওতায় এক আয়োজনেই শিক্ষার্থী ও বিদ্যালয় প্রাঙ্গণে মোট ৯০০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের বাস্তবায়নে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেন অতিথিরা। পরে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু অন্যান্য অতিথিদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ করে কর্মসূচির সূচনা ঘোষণা করেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের কর্তাব্যক্তিরা জানান, সরকারি পরিবেশবান্ধব চারা রোপণ পরিকল্পনা সফল করতে বোর্ডের আওতাধীন আঞ্চলিক পর্যায়ের ১২টি বাছাইকৃত শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় নয়শত শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে চারা উপহার দেওয়া হয়, যেন তারা নিজের বাড়িতে গাছগুলো পরিচর্যা করে বড় করতে পারে।
কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সুধী সমাবেশে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রউফ এবং নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম আল কাফি তুহিনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য সুন্দর ভবিষ্যৎ তৈরিতে প্রতিটি শিক্ষার্থীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পরিবেশ চেতনার এই বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
আরটিভি/এমএম


