
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আগামী রোববারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। রোববারের মধ্যে হাফ ভাড়া চালু না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ ঘটনার পরদিন উপজেলা প্রশাসন পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে। আলোচনার পর মোগরাপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫৫ টাকা এবং সাধারণ যাত্রীদের জন্য ৭৫ টাকা নির্ধারণ করে দেয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি, ৫৫ টাকা নয়, হাফপাস ভাড়া ৪০ টাকা করতে হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, শিক্ষার্থীরা হাফপাসের দাবিতে আন্দোলন করেছে। পরে কিছুক্ষণ অবস্থান করে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরটিভি/টিআর



