
বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
রোববার (১৮ অক্টোবর) বেতাগি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন।
তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বা অবহেলা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
চিফ হুইপ বলেন, বেতাগী উপজেলার সব মন্দিরে এক মেট্রিক টন করে চাল ও পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। যেসব মন্দিরে যাতায়াতের রাস্তা নেই, সেখানে রাস্তা নির্মাণ এবং যেসব মন্দিরে নিজস্ব ঘর নেই, সেগুলোতে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের হিন্দু সম্প্রদায়ের ৮৯ শতাংশ সম্পদ দখল করা হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ধর্মীয় অসহিষ্ণুতা নেই এবং প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটেনি।
নূরুল ইসলাম মনি বলেন, বেতাগীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলদারত্ব ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধী যে দলেরই হোক, এমনকি বিএনপির নেতাকর্মী হলেও কাউকে ছাড় দেওয়া যাবে না। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, আমার নাম ব্যবহার করে কোনো কর্মকর্তা অর্থ আদায় বা অনিয়ম করলে তা আমাকে জানাবেন। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সভায় অনুপস্থিত থাকায় পৌরসভার প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশনাও দেন তিনি।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়ে চিফ হুইপ বলেন, উপজেলার পানির সমস্যা সমাধানে প্রয়োজন অনুযায়ী টিউবওয়েল সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণ ও বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার কথা জানান। এসএসসি পরীক্ষায় কম পাস করা স্কুল ও মাদ্রাসাগুলোর শিক্ষার মান পর্যালোচনা, সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
মাদ্রাসা পরিদর্শনের পর দ্রুত প্রতিবেদন জমা দিতে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেন তিনি। শিক্ষার মানোন্নয়নে ভালো কাজ করা সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণাও দেন চিফ হুইপ।
কৃষকদের জন্য সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে কার্যকর তদারকির নির্দেশ দিয়ে চিফ হুইপ বলেন, সার ডিলারদের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করতে হবে।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বিগত সরকারের আমলে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে বিপুল অর্থ লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন। এসব সংকট সমাধানে কার্যকর পরিকল্পনা ও বাস্তব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
সভায় সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া আগামী এক বছর উপজেলায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নিজস্ব অর্থায়নে তিনজনকে পুরস্কৃত করার ঘোষণা দেন চিফ হুইপ।
সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর



