ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা-আড়িয়াল খাঁর ভাঙনে ২২ বার ঠিকানা বদল, অস্তিত্ব সংকটে চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: আরটিভি

প্রতিবারই বিলীন হয়েছে ভবন, জমি ও অবকাঠামো। কখনো চেয়ার-টেবিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ছুটতে হয়েছে নতুন ঠিকানার সন্ধানে। তবু থেমে থাকেনি পাঠদান। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনের সঙ্গে লড়াই করে টিকে আছে ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়। একসময় আড়াই শতাধিক শিক্ষার্থীর পদচারণে মুখর থাকা প্রতিষ্ঠানটিতে এখন শিক্ষার্থী মাত্র ১০০ জন। নিজস্ব জমি হারিয়ে বছরে চার হাজার টাকা ভাড়ায় অন্যের জমিতে চলছে শিক্ষা কার্যক্রম। পদ্মা নদী যেভাবে এগিয়ে আসছে, তাতে বর্তমান ঠিকানাও কত দিন টিকবে, তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীবেষ্টিত দুর্গম চরনাছিরপুর ইউনিয়নে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। দুই নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের মাধ্যমিক শিক্ষার অন্যতম ভরসা এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে ২২ বার নদীভাঙনের শিকার হলেও স্থানীয় মানুষের সহযোগিতা ও শিক্ষকদের প্রচেষ্টায় চালু রয়েছে পাঠদান। বর্তমানে ১২ জন শিক্ষক ও প্রায় ১০০ শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়টি।

জানা গেছে, চরনাছিরপুর ইউনিয়নের হোসেন খার কান্দি গ্রামে বিদ্যালয়ের বর্তমান অবস্থান। দুটি টিনের ঘরে চলছে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম। বিদ্যালয়ের নামে থাকা নিজস্ব জমি নদীগর্ভে বিলীন হওয়ায় অন্যের জমিতে বছরে চার হাজার টাকা ভাড়া দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হচ্ছে। পদ্মা নদী ক্রমেই কাছে চলে আসায় আগামী বছর এই ঠিকানায় বিদ্যালয়টি থাকবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে।

বিদ্যালয়ের নথিপত্র সূত্রে জানা গেছে, জগৎ চন্দ্র বাড়ৈ ১৯৪২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৮৪ সালে এমপিওভুক্ত হয় প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের নামে দুবলার চরে ৭৪ শতাংশ এবং পাশের দিয়ারা ইউনিয়নের নন্দলালপুরে ৮৫ শতাংশ জমি ছিল। কিন্তু নদীভাঙনে এসব জমিও বিলীন হয়ে গেছে। একসময় হাফেজ উদ্দিন কান্দিতে বিদ্যালয়ের দোতলা ভবন ছিল। পদ্মার ভাঙনে সেটিও হারিয়ে যায়।

এত প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়টির রয়েছে গৌরবময় অতীত। এখান থেকে পড়াশোনা করে অনেকে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হাফিজ উদ্দিন, সচিব শামছুল আলম হিরন মিয়া ও নওফেল কাড়াল, পিজি হাসপাতালের প্রশাসনিক পরিচালক মাসুদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান ও শোভা কাজী এবং বুয়েটের সহযোগী অধ্যাপক এস এম সায়েমসহ অনেকে।

তবে সময়ের সঙ্গে কমেছে শিক্ষার্থীর সংখ্যা ও পরীক্ষার ফলাফল। কয়েক বছর আগেও বিদ্যালয়ে প্রায় ২৫০ শিক্ষার্থী ছিল। বর্তমানে তা নেমে এসেছে প্রায় ১০০ জনে। ২০২৫ সালে ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৯ জন। ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেয় মাত্র সাতজন, পাস করে দুজন। নদীভাঙন, যোগাযোগের দুর্ভোগ, দারিদ্র্য ও অনিশ্চিত শিক্ষার পরিবেশে শিক্ষার্থী ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজিজুল বলে, ‘আমাদের ক্লাসে ২৮ জন শিক্ষার্থী। আজ ২৩ জন উপস্থিত আছি। বর্ষাকালে স্কুলে আসতে অনেক কষ্ট হয়। বিভিন্ন জায়গায় কাদা-পানি থাকে। তবু নিয়মিত স্কুলে আসার চেষ্টা করি।’

অভিভাবক মো. শাহজালাল বলেন, ‘চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি চরাঞ্চলের কয়েক প্রজন্মের স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। একসময় বিদ্যালয়টি আড়িয়াল খাঁ নদের ভাঙনের শিকার হতো। তবে বর্তমানে পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে। নদী দুটি ইতোমধ্যে বিদ্যালয়ের জমি, ভবন ও স্থায়ী ঠিকানা কেড়ে নিয়েছে। প্রতিষ্ঠানটি রক্ষায় এখন প্রয়োজন নিরাপদ স্থানে স্থায়ী অবকাঠামো নির্মাণ। তা না হলে পদ্মা ও আড়িয়াল খাঁর ভাঙনে একদিন হারিয়ে যেতে পারে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই শিক্ষার বাতিঘর।’

বিদ্যালয়ের নিরাপত্তাপ্রহরী রুস্তম আলী মুন্সী বলেন, ‘৩৬ বছর ধরে চাকরি করছি। এই সময়ে ১১ বার স্কুলের ভাঙন দেখেছি। কয়েকবার শুধু কাগজপত্র ও চেয়ার-টেবিল সরাতে পেরেছি, কিন্তু স্কুলঘর নদীতে বিলীন হয়ে গেছে। প্রতিবারই স্থানীয় মানুষ নতুন করে স্কুল চালুর জন্য জায়গা দিয়েছেন।’

অফিস সহকারী সিরাজুল ইসলাম বলেন, ‘১৪ বছরের চাকরিজীবনে সাতবার স্কুল নদীভাঙনের কবলে পড়েছে। একবার ট্রলারে মালামাল নিয়ে যাওয়ার সময় দুই বস্তা কাগজপত্র নদীতে পড়ে যায়। এতে দাপ্তরিক কাজে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।’

প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় মানেই এক বছর এপারে, পরের বছর অন্য পাড়ে, অন্য ঠিকানায়। তবু ঘুরেফিরে চরাঞ্চলেই আছি। ২০১৯ সাল থেকে বর্তমান জায়গায় রয়েছি। বছরে চার হাজার টাকা ভাড়া দিতে হয়। নদী যেভাবে কাছে চলে এসেছে, তাতে আগামী বছর এখানে থাকা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।’

চরনাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান বলেন, ‘চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় চরাঞ্চলের শিক্ষার বাতিঘর। ২২ বার নদীভাঙনের শিকার হলেও শিক্ষক-শিক্ষার্থীরা মনোবল হারাননি। নদীভাঙনের কারণে এখানকার অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। মাছ শিকার ও কৃষিকাজ তাদের প্রধান জীবিকা। এ কারণে অনেক শিক্ষার্থী মাধ্যমিক শেষ করার আগেই ঝরে পড়ে। আবার বসতি স্থানান্তরের কারণে শিক্ষার্থীরাও স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। অবকাঠামোগত উন্নয়নের ইচ্ছা থাকলেও নদীভাঙনের কারণে স্থায়ী উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। ২০২৫-২৬ অর্থবছরে পাঁচ লাখ টাকার কাজ করা হয়েছে। বিদ্যালয়ের মেঝে পাকা করা হয়েছে, জানালা-দরজা মেরামত করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, ‘দিয়ারা নারিকেলবাড়িয়া ও চরনাছিরপুর—এই দুই ইউনিয়নের একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়। গত অর্থবছরে অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি ওয়াশব্লক নির্মাণেও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু নদী খুব কাছাকাছি চলে এসেছে। আগামী কয়েক বছর বর্তমান ঠিকানায় বিদ্যালয়টি থাকবে কিনা, তা বলা মুশকিল।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর
কুড়িগ্রামের উলিপুরে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল ‘অফিসার্স চয়েস’ বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার
ডিসেম্বর ঘিরে পলাতক আসামি এবং অবৈধ অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা, থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে।
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার
৩ মাসে ধরে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ গত তিন মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন ছেলে, আর স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা স্বামী। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও নিখোঁজ গৃহবধূর কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।
৩ মাসে ধরে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান
দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক
ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক। তার পরিবারের সহায়তায় ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক
আরও পড়ুন
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল