
পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দাশুড়িয়া- কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মানিকনগর এলাকায় পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা একটি গাছ কেটে মহাসড়কের উপর ফেলে রাখে। এতে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে মহাসড়ক থেকে গাছটি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনার পরপরই স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। এতে কিছু সময়ের জন্য জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে মহাসড়ক থেকে গাছ সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
আরটিভি/এমএম


