ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় স্ক্রিনে শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ড ভিডিওতে চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে অণুজীববিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ উপলক্ষে অণুজীববিজ্ঞান বিভাগ দুই দিনব্যাপী অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করে। আয়োজনের প্রথম দিনে র‍্যালি শেষে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রজেক্টরে প্রদর্শিত ভিডিওর শেষ অংশে শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। বিষয়টি উপস্থিত অতিথিদের নজরে এলে তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। পরে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ ঘটনার পরপরই শোকজ নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ দর্শানোর নোটিশ পাওয়া দুই শিক্ষক হলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানা এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংগীত পরিবেশনের সময় ফ্যাসিবাদী সরকারের প্রধান ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ছবি প্রদর্শন সুস্পষ্ট অসদাচরণ ও চাকরির শৃঙ্খলার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি অসম্মানজনক ও চরম অবমাননাকর হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের আহ্বায়ক ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানা বলেন, জাতীয় সংগীত পরিবেশনের সময় যে ঘটনাটি ঘটেছে, সেটি অনাকাঙ্ক্ষিত। আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম ডে উপলক্ষে আমাদের দুই দিনের কর্মশালা চলছিল। অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততার কারণে জাতীয় সংগীতের ভিডিওটি যথাযথভাবে রিভিউ করা হয়নি। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভিডিও বন্ধ করে নতুন করে অডিওর মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রশাসন কর্তৃক শোকজ চিঠি পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, প্রশাসন এ ঘটনায় তাদের দায়িত্ব পালন করেছে। ট্রেজারার স্যার অনুষ্ঠান বর্জন না করে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক করেছেন। আমরা আশা করি, ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বলেন, জাতীয় সংগীত পরিবেশনের সময় ইউটিউব থেকে চালানো ভিডিওতে প্রায় ১০ সেকেন্ডের জন্য শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। বিষয়টি অনুষ্ঠানে দায়িত্বে থাকা শিক্ষার্থীরা খেয়াল করেনি। পরে বিষয়টি নজরে আসার পর আমরা দুঃখ প্রকাশ করেছি এবং ওই শিক্ষার্থীও ক্ষমা চেয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোষাধ্যক্ষ অনুষ্ঠান বর্জন করেননি; পরবর্তীতে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ঘটনার বিষয়ে ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে ফ্যাসিস্ট ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেখানো বিষয়টি আমার কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি। সেখানে বিদেশি তিনজন বিজ্ঞানী ও আমাদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনাকাঙ্ক্ষিত কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য আমি ডায়াসে উঠে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠান ত্যাগ করি।

তিনি আরও বলেন, কোনো অনুষ্ঠান আয়োজনের আগে সাধারণত একটি রিহার্সাল বা পূর্বপ্রস্তুতি থাকে, যা অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগীয় প্রধানের তদারকি করার কথা ছিল। কীভাবে এমন ঘটল, সে বিষয়ে আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যাখ্যা চাইব।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে নীরবতা, অধিকাংশ মানুষ গভীর ঘুমে। এমন সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমিটরি থেকে ভেসে আসে ‘হু হা’ শব্দ। এক জায়গা থেকে শুরু হওয়া সেই শব্দে সাড়া দেন অন্যরাও। ধীরে ধীরে ঘুম ছেড়ে বেরিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ক্লাস কিংবা কোনো জরুরি কাজের জন্য নয়, তাদের গন্তব্য বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে।
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
আরও পড়ুন
শেখ হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে
শ্রেণিকক্ষের পাঠ ছাড়িয়ে যিনি শেখান জীবনের পাঠ
নিভৃতে মানুষ গড়ার কারিগর চলে গেলেন না ফেরার দেশে
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ