ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, যে রাতে থেমে গিয়েছিল এক মেধাবী প্রাণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ এএম
বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ; আজ তার সপ্তম মৃত্যুবার্ষিকী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে প্রাণ হারান তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে তৎকালীন কয়েকটি চুক্তির সমালোচনা করে ফেসবুকে দেওয়া আবরারের একটি পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে আসে।

আবরার হত্যাকাণ্ডের পর সারা দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ঘটনাটি ভিন্নমত দমন ও শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহিংসতার একটি আলোচিত উদাহরণ হয়ে ওঠে। আবরারের মৃত্যু পরবর্তী সময়ে আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একটি প্রতীক হিসেবেও আলোচিত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সরকারি কর্মসূচি পালন করা হলেও এবার সরকারি কোনো কর্মসূচির তথ্য পাওয়া যায়নি। তবে সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আজ (৭ অক্টোবর) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০১৯ সালের ৬ অক্টোবর কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে বুয়েটের হলে ফিরেছিলেন আবরার ফাহাদ। তিনি তখন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। ওই দিন রাত ৮টার দিকে তাকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলার ২০১১ নম্বর কক্ষে ডেকে নেওয়া হয়।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, তানিম নামের এক শিক্ষার্থী ঘুম থেকে আবরারকে তুলে বলেন, ‘বড় ভাইয়েরা তোকে ডাকছে। ২০১১ নম্বর রুমে যেতে হবে।’ কখন যেতে হবে এবং কেন যেতে হবে—আবরার জানতে চাইলে তাকে বলা হয়, ‘গেলেই দেখতে পাবি।’

অভিযোগপত্রে বলা হয়, এর আগে সন্ধ্যায় মুজতবা রাফিদ তার সহযোগী ইফতি মোশাররফ ও মেহেদী হাসান ওরফে রবিনকে জানিয়েছিলেন, তিনি বাড়ি যাবেন এবং আবরারকে ধরলে সেদিনই ধরতে হবে। এ সময় হোসেন মোহাম্মদ তোহা ও শামসুল আরেফীন ইফতি মোশাররফসহ অন্যদের জানান, আবরার গ্রামের বাড়ি থেকে হলে ফিরেছেন।

এ খবর পাওয়ার পর তারা ২০১১ নম্বর কক্ষে আবার একত্রিত হন। রাত ৮টার দিকে মেহেদী হাসান ওরফে রবিন ও ইফতি মোশাররফের নির্দেশে এহতেশামুল রাব্বি ওরফে তানিম, মুনতাসির আল জেমি এবং এএসএম নাজমুস সাদাত আবুজার আবরারের কক্ষে যান। অভিযোগপত্র অনুযায়ী, আবরারকে মারধরের জন্য তানিম ক্রিকেটের স্টাম্পও নিয়ে যান।

পরে আবরারের ল্যাপটপ ও মোবাইলসহ তাকে ২০১১ নম্বর কক্ষে নেওয়া হয়। সেখানে তাবাখখারুল, ইফতি মোশাররফ ও মুজতবা রাফিদ তার মোবাইল ও ল্যাপটপ পরীক্ষা করতে থাকেন। অভিযোগপত্রে বলা হয়েছে, আবরারের মোবাইলে শিবিরের তথ্য পাওয়া গেছে—এমন কথা বলার পর মেহেদী হাসান ওরফে রবিন ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এরপর আবরারকে চশমা খুলতে বলা হয়। চশমা খোলার পর মেহেদী হাসান ওরফে রবিন তার মুখে কয়েকটি জোরে থাপ্পড় মারেন। এর মধ্যে মোরশেদ অমর্ত্য ইসলাম কাঠের তৈরি শক্ত ক্রিকেট স্টাম্প নিয়ে আসেন। ইফতি মোশাররফ প্রথমে আবরারকে থাপ্পড় মারেন এবং পরে ক্রিকেট স্টাম্প দিয়ে তার পিঠ, পা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন।

অভিযোগপত্র অনুযায়ী, প্রচণ্ড মারধরে একটি ক্রিকেট স্টাম্প দুই টুকরা হয়ে যায়। এরপর এহতেশামুল রাব্বি আরও একটি স্টাম্প নিয়ে আসেন। অনিক সরকারও একটি স্টাম্প হাতে তুলে নেন এবং একটানা আবরারের শরীরে ৫০ থেকে ৬০টি আঘাত করেন। এতে আবরার মেঝেতে পড়ে যান।

পরে মুজাহিদুল ইসলাম ও শামিম বিল্লা মোটা দড়ি দিয়ে আবরারকে দুই থেকে তিনটি আঘাত করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এ সময় আবরার বাঁচার জন্য আকুতি-মিনতি করেন। এরপর মিফতাহুল ইসলাম ওরফে জীয়ন ক্রিকেট স্টাম্প দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন এবং বারবার জানতে চান, আবরার শিবির করেন কি না।

রাত ১১টার দিকে ওই কক্ষে এসএম মাহমুদ ওরফে সেতু আসেন। তিনি উপস্থিত অন্যদের কাছে আবরারের বিষয়ে জানতে চান। তখন অনিক সরকার, ইফতি মোশাররফ ও মুজাহিদুল ইসলাম বলেন, ‘আবরার কোনো তথ্য দিচ্ছে না।’

অভিযোগপত্রে বলা হয়েছে, এরপর মাহমুদ ওরফে সেতু অন্যদের ‘মারতে থাক’ বলে নির্দেশ দেন। এরপর আবার ক্রিকেট স্টাম্প ও দড়ি দিয়ে আবরারকে মারধর করা হয়। ইফতি মোশাররফ ও অনিক সরকার তাকে স্টাম্প দিয়ে পেটাতে থাকেন। হাতের কনুই দিয়েও আবরারের পিঠে আঘাত করা হয়। পরে উপস্থিত সবাই মিলে তাকে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারতে থাকেন।

ওই কক্ষ থেকে বের হওয়ার আগে অনিক সরকার ও মেহেদী হাসান ওরফে রবিন অন্যদের বলেন, ‘তোরা আবরারের কাছ থেকে তথ্য বের কর।’ এরপর মনিরুজ্জামান মনির জানান, তিনি আবরারের মোবাইল পরীক্ষা করে শিবিরের তথ্য পেয়েছেন। এরপর তিনি ক্রিকেট স্টাম্প দিয়ে আবরারকে মারধর করেন।

তাবাখখারুল, নাজমুস সাদাত, এহতেশামুল রাব্বি ওরফে তানিম এবং মুনতাসির আল জেমিও আবরারকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। পরে অনিক সরকার আবার ওই কক্ষে ঢুকে ক্রিকেট স্টাম্প হাতে নেন এবং আবরারকে আরও ৪০ থেকে ৫০টি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, একপর্যায়ে আবরার বমি ও প্রস্রাব করে ফেলেন। তিনি বাঁচার জন্য ইশারা-ইঙ্গিতে আকুতি-মিনতি করলেও নির্যাতন বন্ধ হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাতভর নির্যাতনের একপর্যায়ে আবরার নিস্তেজ হয়ে পড়েন। পরে তাকে সিঁড়ির কাছে ফেলে রেখে অভিযুক্তরা রাতের খাবার খেতে যান বলে অভিযোগ রয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মরদেহ সিঁড়ি থেকে হলের ক্যান্টিনে নিয়ে রাখা হয়। ভোরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

হলের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে আবরারকে ধরে সিঁড়ির দিকে নিয়ে যেতে দেখা যায়। সে সময় হলের প্রাধ্যক্ষ জাফর ইকবাল খান জানিয়েছিলেন, রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে বুয়েটের চিকিৎসক এসে পরীক্ষা করে আবরারকে মৃত ঘোষণা করেন।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের নেপথ্য নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও অনুসন্ধান প্রকাশিত হয়েছে। গণমাধ্যমের এক অনুসন্ধানে বেরিয়ে আসে, বুয়েটের ‘আড়ি পেতে শোনা’ নামের একটি ফেসবুক গ্রুপ দীর্ঘদিন ধরে ভিন্নমতাবলম্বী ও ধর্মীয়ভাবে অনুশীলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি পরিবেশ তৈরি করেছিল, যা পরবর্তী সময়ে নির্যাতনের ক্ষেত্র তৈরি করে।

অনুসন্ধানে বলা হয়, ২০১২ সালে যাত্রা শুরু করা ওই গ্রুপটি ২০১৩ সালের শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় থেকে শাহবাগপন্থি ও ইসলামবিদ্বেষী অবস্থান নেয়। গ্রুপটির তৎকালীন প্রশাসক প্যানেল ‘বুয়েটকে শিবিরমুক্ত করার’ প্রচার চালায়। এর অংশ হিসেবে ২০১৪ সালে গ্রুপটিতে ৪৪ জন শিক্ষার্থীর একটি নিষিদ্ধ তালিকা প্রকাশ করা হয় বলে অনুসন্ধানে দাবি করা হয়। তালিকায় শিবির বা সরকারবিরোধী মত পোষণকারী শিক্ষার্থীদের নামও ছিল বলে উল্লেখ করা হয়।

ওই তালিকায় থাকা বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১৪ জন ছাত্রলীগের নির্যাতনের শিকার হন বলে অনুসন্ধানে দাবি করা হয়। তালিকা তৈরি ও প্রকাশের সঙ্গে তৎকালীন প্রশাসক প্যানেলের সদস্য জাভেদ ইকবাল, মিশকাত আল আলভি, মাসুদ করিম খানসহ অনেকে জড়িত ছিলেন বলেও সেখানে উল্লেখ করা হয়।

অনুসন্ধান অনুযায়ী, ‘আড়ি পেতে শোনা’ গ্রুপের চিহ্নিত সদস্যরা তালিকা প্রকাশের পাশাপাশি ক্যাম্পাসে এমন একটি পরিস্থিতি তৈরি করেছিলেন, যেখানে কাউকে ‘শিবির’ আখ্যা দিয়ে নির্যাতন করাকে বৈধতা দেওয়া হতো। বিভিন্ন পোস্টে এ ধরনের নির্যাতনের পক্ষে যুক্তি দেওয়া হতো বলেও অনুসন্ধানে দাবি করা হয়েছে।

পরবর্তী সময়ে বুয়েট শাখা ছাত্রলীগের বিরুদ্ধে ‘শিবিরমুক্ত’ করার নামে ধর্মভীরু শিক্ষার্থীদেরও শিবির আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে নির্যাতনের ভয়ে সহপাঠীরাও আক্রান্ত শিক্ষার্থীদের সহায়তা করতে সাহস পেতেন না। আবরার ফাহাদকে ওই পরিবেশের সবচেয়ে মর্মান্তিক শিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত বুয়েটের ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন নির্যাতনের বিষয়ে প্রশাসন অবগত থাকলেও কার্যকর ব্যবস্থা নেয়নি—এমন অভিযোগও বিভিন্ন সময়ে ওঠে। প্রশাসনের নিষ্ক্রিয়তা বা সহযোগিতা নির্যাতনের পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছিল বলেও অভিযোগ করা হয়।

আবরার হত্যাকাণ্ডের পর সারা দেশে ব্যাপক বিক্ষোভ ও ক্ষোভ দেখা দেয়। এ ঘটনায় ছাত্রলীগের ২৫ জনকে আটক করা হয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। নিম্ন আদালতের রায়ের পর ২০২২ সালের ৬ জানুয়ারি ডেথ রেফারেন্স হিসেবে মামলার নথি হাইকোর্টে পৌঁছায়।

২০২৪ সালের ২৮ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চে এ মামলার শুনানি শুরু হয়। পরে বিচারিক আদালতের দেওয়া ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে হাইকোর্ট রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। তবে রায়ে সন্তুষ্ট থাকায় রাষ্ট্রপক্ষ কোনো আপিল করেনি।

এখন চূড়ান্ত বিচারের অপেক্ষায় রয়েছে আবরার ফাহাদ হত্যা মামলা। দুই ধাপের বিচার শেষ হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে কত সময় লাগবে, তা নিশ্চিত করে বলতে পারছে না কোনো পক্ষ।

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজও বুয়েটে পড়াশোনা করছেন। ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগপত্রে বর্ণিত ঘটনার বিভিন্ন তথ্য তুলে ধরেছেন।

ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট । ছবি: সংগৃহীত

আবরার ফাহাদ হত্যার আগে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শেষ পোস্টটি ছিল ২০১৯ সালের ৫ অক্টোবর। ওই পোস্টে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

পোস্টে আবরার ফাহাদ লিখেছিলেন, দেশভাগের পর বাংলাদেশের পশ্চিমাংশে কোনো সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ছয় মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের অনুমতি চাইলেও ভারত তা দেয়নি বলে তিনি দাবি করেন। পরে দুর্ভিক্ষ মোকাবিলায় উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। এরপর তিনি লেখেন, ‘ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।’

পোস্টের দ্বিতীয় অংশে কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে ভারতের কর্ণাটক ও তামিলনাড়ুর বিরোধের প্রসঙ্গ তুলে ধরেন আবরার। তিনি লিখেছিলেন, যে দেশের একটি রাজ্য অন্য রাজ্যকে পানি দিতে চায় না, সেখানে বাংলাদেশ বিনিময় ছাড়া প্রতিদিন দেড় লাখ ঘনমিটার পানি দেবে।

তৃতীয় অংশে তিনি ভারতের উত্তরাঞ্চলে কয়লা ও পাথর রপ্তানি বন্ধের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশ থেকে ভারতে গ্যাস দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি লেখেন, গ্যাসের অভাবে বাংলাদেশের কারখানা বন্ধ করতে হলেও নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পোস্টের শেষে কবি রজনীকান্ত সেনের ‘পরের কারণে স্বার্থ দিয়া বলি’ কবিতার কয়েকটি পঙ্‌ক্তি উদ্ধৃত করেন আবরার।

২০১৯ সালের ৫ অক্টোবরে আবরার ফাহাদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শেষ পোস্ট ।  ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক পরিবেশ ও নির্যাতনের বিভিন্ন ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের একাংশের ভাষ্য, বছরের পর বছর ধরে গড়ে ওঠা রাজনৈতিক নিপীড়নের পরিবেশেরই মর্মান্তিক পরিণতি ছিল আবরার ফাহাদের হত্যাকাণ্ড।

সাত বছর পরও আবরার ফাহাদের নাম বাংলাদেশে একটি আলোচিত ছাত্রহত্যার সঙ্গে জড়িয়ে আছে। তার পরিবার, সহপাঠী ও সমর্থকদের কাছে তিনি ভিন্নমত প্রকাশের কারণে নিহত এক মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশে আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একটি স্মরণীয় প্রতীক।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৫ অক্টোবর ঢাবি শোক দিবস, বন্ধ থাকবে ক্লাস-কার্যক্রম
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামী ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও কার্যক্রম বন্ধ থাকবে।
১৫ অক্টোবর ঢাবি শোক দিবস, বন্ধ থাকবে ক্লাস-কার্যক্রম
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
জানা গেছে, তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোতে একাধিক মশকনিধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) থেকে চলমান এ কর্মসূচিতে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড রাসায়নিক প্রয়োগ করার কথাও জানিয়েছে প্রশাসন।
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
আরও পড়ুন
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী জকসুর দোয়া মাহফিল
শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, চমক ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ