ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, প্রশাসনের হুঁশিয়ারি

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয় । ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে ‘পেট্রোল বোমা’ সদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তবে বাস চালকের তাৎক্ষণিক তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসের শিক্ষার্থীরা এবং হতাহতের ঘটনা ঘটেনি। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী দিগন্ত বাসটি ভাটই বাজার পার হয়ে দুধসর চাঁদপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ব্যক্তি বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। চলন্ত বাসটির চাকায় পেট্রোল বোমাটি লেগে রাস্তায় ছিটকে পড়ে। তবে বাসে আগুন ছড়িয়ে পড়েনি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, বাসে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল। তিনজন ছাত্র থাকলেও অধিকাংশ যাত্রী ছিলেন নারী শিক্ষার্থী। গাড়াগঞ্জ এলাকা পার হওয়ার পর হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীকে বাসের সামনে-পেছনে অবস্থান করতে দেখেন তিনি।

সজিবের বর্ণনা অনুযায়ী, রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে বাসের সামনের অংশে থাকা কয়েকজন নারী শিক্ষার্থী আগুন বলে চিৎকার করেন। পরে বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখতে পান তারা। এ সময় চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ওই শিক্ষার্থীর দাবি, হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজন বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তাদের একজনের পরনে সাদা এবং অন্যজনের পরনে কালো বা মেরুন রঙের শার্ট ছিল। তবে মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।

বাসের চালক গণমাধ্যমে জানান, জ্যামের কারণে একটু গাড়ি স্লো যাচ্ছে। এসময় ঠিক সামনে একটা মোটরসাইকেল বাম সাইড দিয়ে উঠে এসে। তারা কালো হেলমেট পরা ছিল। গাড়ির সামনে এসে বাম সাইডে গিয়ে আগুনটা মেরে দেয়। আমি একটু ডানে কাটিয়ে বের হয়ে চলে আসছি। তখন জ্যাম ছেড়ে যাওয়ার পরে আমি খুব দ্রুত টেনে চলে আসছি আর তারা মোটরসাইকেলে দ্রুত চলে গেছেন। তাদের বাইকে কোনো নাম্বার প্লেট ছিল না। তারা দুইজনই হেলমেট পরা এবং কালো গেঞ্জি গায়ে ছিল।

তিনি বলেন, তারা গাড়িতে কোনো আঘাত করেনি, গাড়ির সামনে টায়ারের সামনে আগুনটা মেরেছে। আগুনটা দেখার সঙ্গে ডানে কাটিয়ে বের হয়ে চলে আসছি। এই পর্যন্ত কোনো আর ঝামেলা হয়নি। কারো কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসকে লক্ষ্য করে বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করলেও বাসে আঘাত করতে পারেনি বলে জানতে পেরেছি। ঘটনা শোনার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে অবগত করে রেখেছি। বাসটি নিরাপদে ক্যাম্পাসে আনা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা ক্যাম্পাসে টহল বাড়িয়েছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা কর্মীরা তৎপর। ক্যাম্পাসে পরিবেশ স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত না হওয়ার আহ্বান করছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান হুঁশিয়ারি দিয়ে গণমাধ্যমে বলেন, ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী ফেসবুকে পোস্ট দিয়ে ইবি ক্যাম্পাস সহ পুরো দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। ইবির গাড়িতে নাশকতার চেষ্টার ঘটনায় শৈলকূপা থানায় মামলার নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে দুই জেলার এসপিকে জানানো হয়েছে। ক্যাম্পাসের সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে সঙ্গী হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। অপরজন সংগঠনটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে এবারই প্রথম ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণিল আলোকসজ্জা, প্রদীপের সারি ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসব মুখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপিত হয়েছে শ্যামাপূজা ও আলোক বন্দনা ১৪৩৩। 
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার স্মৃতিস্মারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
আরও পড়ুন
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
ইবির সমাবর্তনে অংশ নেবে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন শুরু ১০ নভেম্বর 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য