
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সৌদি আরব বা সৌদি নেতৃত্বাধীন জোট শহরটিতে আবারও হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর জবাবে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা।
বুধবার (১৪ অক্টোবর) সানার আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা যায়। একই সঙ্গে রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হামলাটি সৌদি আরব নাকি সৌদি নেতৃত্বাধীন জোট চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
হুতি সশস্ত্র গোষ্ঠী, যারা আনসার আল্লাহ নামেও পরিচিত, এক বিবৃতিতে জানিয়েছে, হামলার জবাব হামলার মাধ্যমেই দেওয়া হবে। তাদের ঘোষিত কৌশল হলো—বিমান হামলার জবাবে বিমান হামলা, রাজধানীতে হামলার জবাবে রাজধানীতে হামলা, বিমানবন্দরে হামলার জবাবে বিমানবন্দরে হামলা এবং জ্বালানি স্থাপনায় হামলার জবাবে একই ধরনের স্থাপনায় হামলা।
এই পাল্টাপাল্টি হামলার কারণে দুই পক্ষের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সানা আন্তর্জাতিক বিমানবন্দর বহু বছর ধরেই ক্ষতিগ্রস্ত অবস্থায় বন্ধ রয়েছে। বর্তমানে সেখানে কোনো ইয়েমেনি যাত্রীবাহী বিমান নেই। ফলে বিমানবন্দরটিতে হামলা হলে সৌদি আরবের তুলনায় ইয়েমেনের ক্ষতির ধরন ভিন্ন হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে বিমানবন্দর বন্ধ থাকলেও হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সক্ষমতা রয়েছে। তারা প্রতিদিনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন উড়োজাহাজ ব্যবহার করে হামলা চালাতে সক্ষম বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ


