ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরব দলগুলোর সঙ্গে জোট করা হবে লজ্জাজনক: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম
নির্বাচনে ভোট গ্রহণের পর পশ্চিম জেরুজালেমে নিজের দল লিকুদের প্রধান কার্যালয়ে ইসরায়েলের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু।  ছবি: সংগৃহীত

ইসরায়েলের নির্বাচনে একক দল হিসেবে এগিয়ে থাকলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে ডানপন্থী সরকার গঠন জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলের অস্তিত্বের বিরোধী আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠন করা যাবে না এবং এটি লজ্জাজনক বলেও জানিয়েছেন এই নেতা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পশ্চিম জেরুজালেমে নিজের দল লিকুদের প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নেতানিয়াহু। দেশটির পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর প্রাথমিক ফল প্রকাশের সময় তিনি এ বক্তব্য দেন।

নেতানিয়াহু বলেন, নির্বাচনের প্রকৃত ফল জানতে আরও এক থেকে দুই দিন অপেক্ষা করতে হবে। তবে লিকুদ ইসরায়েলের সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভোট গণনার অর্ধেকের বেশি শেষ হওয়ার পর প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৬টি আসন পেতে পারে। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৯টি আসন। তবে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে লিকুদ পার্টি এককভাবে প্রায় ২৭টি আসন পেতে পারে বলে দেশটির ১২ ও ১৩ নম্বর টেলিভিশন চ্যানেলের পূর্বাভাসে বলা হয়েছে। আইজেনকোটের ইয়াশার পার্টি পেতে পারে ২১টি আসন।

বক্তব্যে ২০২২ সালে বর্তমান মেয়াদে ক্ষমতায় আসার পর নিজের সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, তার সরকারের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে বড় পরিবর্তন এনেছে।

নেতানিয়াহু বলেন, হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ, রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে নির্মূল করা হয়েছে।

তিনি আরও বলেন, গাজা, লেবানন ও সিরিয়ার গভীরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করেছে ইসরায়েল। ইরানের হুমকি মোকাবিলা করে দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল এবং ইসরায়েল আরও শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করে ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।

সাবেক ইসরায়েলি কূটনীতিক অ্যালন পিনকাসের মতে, নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলকে সরকার গঠনের জন্য এমন জোট করতে হতে পারে, যা রাজনৈতিকভাবে অস্বস্তিকর। তবে বিরোধী শিবিরের ভোটাররা নেতানিয়াহুর জোটের সঙ্গে সমঝোতা মেনে নিতে চাইবেন না বলে তিনি মনে করেন।

আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, বক্তব্যে নেতানিয়াহু নিজের দলের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী ভাব দেখানোর চেষ্টা করেছেন। তার মতে, সরকার গঠনের মতো জোট নিশ্চিত করতে না পারার বিষয়টি আড়াল করতেই সবচেয়ে বড় দল হওয়ার সম্ভাবনাকে সামনে আনছেন নেতানিয়াহু।

বিশ্লেষক ড্যান পেরির মতে, বুথফেরত জরিপ প্রকাশের পর পরিস্থিতিকে নিজের পক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ফলে লিকুদ একক দল হিসেবে এগিয়ে থাকলেও নেতানিয়াহু শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন কি না, তা নির্ভর করছে জোটের সমীকরণ ও অন্য দলগুলোর সমর্থনের ওপর।


সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অন্তত দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও ওই দুই ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলেছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হেনেছে।  পরে খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। ইউকেএমটিও বলেছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে সেখানে পরিবেশগত কোনো সংকট তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়নি।  ইউকেএমটিও বলেছে, শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার পর এসব ঘটনা ঘটছে। শুক্রবারের হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন মুসলিমদের হজযাত্রা ও বাণিজ্যপথের সন্ধানে নতুন করে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে আল-উলা ও খায়বার অঞ্চলে পরিচালিত এই গবেষণায় অংশ নিচ্ছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিকেরা।
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন সৌদি আরবের দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক হুসাম আবু সাফিয়ার কারাবাস আরও ছয় মাস বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত।
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
আরও পড়ুন
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!
ক্ষমতা ধরে রাখতে জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু, রাজি নন প্রতিদ্বন্দ্বী আইজেনকট
ফিলিস্তিনিদের নিয়ে নেতানিয়াহুর প্রচারণায় ক্ষুব্ধ আইজেনকট