
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানের রহিম বাজারে অবস্থিত ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা করে সিলগালা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার (১৭ অক্টোবর) ঐতিহ্যবাহী ভবনটি ভেঙে সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে নাগরিক সমাজের কর্মীরা মন্দিরটি ভেঙে ফেলার উদ্যোগের বিরুদ্ধে হস্তক্ষেপ করেন। জনসাধারণের প্রতিবাদে সহকারী কমিশনার হামিদ সিদ্দিক ভবনটি সিলগালা করেন এবং সেখানে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
মন্দিরটি ভেঙে ফেলার খবর ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে আলোচনায় বসেন নাগরিক সমাজের প্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। বৈঠকে প্রস্তাবিত নির্মাণকাজের নিন্দা জানানো হয়। পাশাপাশি বিষয়টি জাতীয় পরিষদে উত্থাপনের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তারা।
নাগরিক সমাজের সভাপতি সোহেল আহমেদ আজমির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি কিশোর কুমার, সমাজকর্মী মুহাম্মদ নওমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা জানান, ডেরা ইসমাইল খানের প্রায় ৪০০টি ভবনকে উচ্ছেদকৃত সম্পত্তি ট্রাস্ট বোর্ড (ইটিপিবি) সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে চিহ্নিত করেছে। ঐতিহাসিক স্থাপনাটি ভেঙে ফেলার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা জানান তারা।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি দেওয়ার অভিযোগ তোলেন বৈঠকে অংশগ্রহণকারীরা। এ ঘটনায় তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসন, জাতীয় পরিষদের স্পিকার, প্রত্নতত্ত্ব বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তারা।
আরটিভি/ এসকেডি



