
হুলিয়ান আলভারেজকে আগামী মৌসুমেও অ্যাথলেটিকো মাদ্রিদে পাওয়ার সম্ভাবনা প্রবল। এমন বাস্তবতায় আক্রমণভাগ আরও শক্তিশালী করতে নতুন বিকল্প খুঁজছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির নজর এবার ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজের দিকে।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলের সতীর্থ লাউতারোকে দলে ভেড়ানোর চেষ্টা শুরু করেছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের খেলার ধরন ও পরিকল্পনার সঙ্গে লাউতারোর বৈশিষ্ট্য বেশ মানানসই বলেই মনে করছে ক্লাবটি।
বক্সের ভেতরে দারুণ মুভমেন্ট, নিখুঁত ফিনিশিং এবং বল নিয়ন্ত্রণে দক্ষতার কারণে ইন্টার অধিনায়ককে পছন্দ বার্সেলোনার। স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিংগিতোর দাবি, লাউতারোর প্রতিনিধিদের সঙ্গে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টরদের বৈঠক হয়েছে। সেখানে কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালক দেকোও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লাউতারোর সঙ্গে ব্যক্তিগত চুক্তির শর্ত নিয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। এখন ইন্টার মিলানের কাছে প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে সেই প্রস্তাব ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাবে না বলেই ধারণা করা হচ্ছে।
বার্সেলোনার সংক্ষিপ্ত তালিকায় আরও কয়েকজন ফরোয়ার্ড থাকলেও এই মুহূর্তে লাউতারোই সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। তবে তাকে দলে টানা মোটেও সহজ হবে না।
সবচেয়ে বড় বাধা ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির অবস্থান স্পষ্ট তারা নিজেদের অধিনায়ক ও প্রধান গোলদাতাকে বিক্রি করতে চায় না। লাউতারোকে বিক্রির জন্য বাজারে তোলার প্রশ্নই নেই বলে ইন্টারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিশেষ করে দলবদলের জানালা বন্ধ হওয়ার মাত্র ১০ দিন আগে লাউতারোকে হারালে তার উপযুক্ত বিকল্প খুঁজে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে না ইন্টার। ফলে এই মুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ডের মিলান ছাড়ার সম্ভাবনা খুবই কম।
ইন্টারের হয়ে এখন পর্যন্ত ৩৭৬ ম্যাচে ১৭৫ গোল করেছেন লাউতারো। পাশাপাশি তার নামের পাশে রয়েছে ৫৬টি অ্যাসিস্ট। বার্সেলোনার আগ্রহ শেষ পর্যন্ত আনুষ্ঠানিক প্রস্তাবে রূপ নেয় কি না এবং ইন্টার তাদের অধিনায়ককে ছাড়তে রাজি হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
আরটিভি/এসকে


