
ম্যানচেস্টার ডার্বিতে বড় ভুলের খেসারত দিতে হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ম্যাট ডোনোভিওকে। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচে আর্লিং হলান্ডের গোলের সিদ্ধান্ত নিয়ে ভুল স্বীকারের পর আন্তর্জাতিক বিরতি পর্যন্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। একই সিদ্ধান্তের কারণে সহকারী ভিএআর ব্লেক অ্যান্ট্রোবাসও থাকছেন ম্যাচ পরিচালনার বাইরে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রেফারিংয়ের ভুলের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে পেশাদার রেফারি কমিটি। কমিটির ব্যাখ্যা অনুযায়ী, এনজো ফার্নান্দেজের অফসাইড অবস্থান যথাযথভাবে বিবেচনায় না নিয়েই হলান্ডের গোল বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বিরতির আগে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের তালিকায় ডোনোভিও ও অ্যান্ট্রোবাস কাউকেই রাখা হয়নি। পেশাদার রেফারি কমিটির এক মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান রেফারি কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও তার পরিচালনা পর্ষদ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আন্তর্জাতিক বিরতি শেষ না হওয়া পর্যন্ত কোনো ম্যাচে দায়িত্ব পালন করতে পারবেন না ডার্বির প্রধান ভিএআর ও সহকারী ভিএআর।
হলান্ডের গোলের ঘটনায় ঠিক কী ভুল হয়েছিল, সেটিও ব্যাখ্যা করেছে রেফারি কমিটি। তাদের মতে, গোলের সময় এনজো ফার্নান্দেজের অবস্থানের গুরুত্ব যথাযথভাবে বুঝতে পারেননি ভিএআর ডোনোভিও। পরিস্থিতি আরও ভালোভাবে যাচাই করতে তার উচিত ছিল মাঠের পাশের মনিটরে ভিডিও ফুটেজ দেখার জন্য অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ করা।
ঘটনার পর ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভুল স্বীকার করেছে রেফারি কমিটি। একই সঙ্গে পুরো ঘটনাটি বিস্তারিত পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে আর না ঘটে, সে জন্য পর্যালোচনা শেষে রেফারিং কর্মকর্তাদের জন্য আরও পরিষ্কার ও কঠোর নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে কমিটি।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে কোনো আনুষ্ঠানিক আপত্তি নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ডোনোভিও ও অ্যান্ট্রোবাসকে অন্তত ১১ অক্টোবর পর্যন্ত ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে বাইরে থাকতে হচ্ছে।
আরটিভি/এসকে




