
কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে মো. মমিন মিয়া নামের এক বিএনপি নেতা মৃত্যুবরণ করেছেন। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় নেতাকর্মীদের জানানো মতে, মো. মমিন মিয়া কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দীনের সমর্থনে আয়োজিত নির্বাচনী মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পার্শ্ববর্তী ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বলেন, মিছিলে অসুস্থ হওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার বাঁচানো সম্ভব হয়নি। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর এই ঘটনা কুমিল্লার বুড়িচং উপজেলায় রাজনৈতিক কর্মকাণ্ডে এক অনাকাঙ্ক্ষিত শোকাবহ পরিস্থিতি সৃষ্টি করেছে।
আরটিভি/এসকে


