
লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জমিলা বেগম নামে দুই নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজিলা বেগম ও জমিলা বেগম সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মোস্তফি ধুমেরকুটি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বের হন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এমএইচজে


