
মাগুরা সদর উপজেলায় ইজিবাইকের চাপায় শ্যামল কুমার বিশ্বাস (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালকও আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কের শত্রুজিৎপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল কুমার বিশ্বাস একই এলাকার বাসিন্দা। তিনি শত্রুজিৎপুর বাজারে কাঁচামালের ব্যাবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামল কুমার বিশ্বাস বাইসাইকেলযোগে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথে শত্রুজিৎপুর বাজার এলাকায় দ্রুতগতির একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়ব্রত বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শত্রুজিৎপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে


