
গাজীপুরের গাছা থানায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফুয়াদ ও নওরীন নামের এক দম্পতির বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।
এ সময় হামলাকারীরা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে হামলার কোনো প্রমাণ না পাওয়ায় মামলা নেওয়া হয়নি।
এ বিষয়ে বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় যোগাযোগ করা হলে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, সিসিটিভি ফুটেজে হামলা করে আহত করার কোনো দৃশ্য পাওয়া যায়নি, যে কারণে মামলা নেওয়া হয়নি।
ভুক্তভোগী ফুয়াদের ভাষ্যমতে, ঘটনার রাতে হামলাকারীরা প্রথমে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ঘরে ঢুকে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তার ডান হাতে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়। স্বামী ফুয়াদকে রক্ষা করতে এগিয়ে গেলে স্ত্রী নওরীনকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়, যার ফলে তার চোখে গুরুতর আঘাত লাগে। যাওয়ার সময় হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়।
নওরীন জানান, হামলার সময় মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঠিক আগমুহূর্তে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে গাছা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করে। তার অভিযোগ, যাওয়ার সময় হামলাকারীরা তাদের এবং সন্তানদের হত্যার হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।
ভুক্তভোগী দম্পতির অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই পুলিশ ফুয়াদকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে নওরীন তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও পুলিশ তা শোনেনি। পরবর্তীতে নওরীন তার মুঠোফোনে ধারণকৃত হামলার ভিডিও পুলিশকে দেখালে ফুয়াদকে ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি বলে তাদের দাবি।
ফুয়াদ জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে এর আগেও তাদের ওপর হামলা চালানো হয়েছে। এমনকি তার মায়ের গহনা, টাকা-পয়সা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছিল। বর্তমানে প্রাণনাশের চরম হুমকির মুখে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এই দম্পতি।
ঘটনার পর গাছা থানায় গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখিয়ে মামলা করার চেষ্টা করলেও পুলিশ তা আমলে নেয়নি বলে জানান তারা।
ওসি আরও জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে প্রায় ৫ বছর ধরে বিরোধ চলছে। এই বিরোধের জেরে এর আগেও তাদের মধ্যে থানায় ও আদালতে একাধিক মামলা হয়েছে।
আরটিভি/এসএস


