
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে পশু জবাই নিয়ে প্রশাসনের নির্দেশনাকে কেন্দ্র করে বিতর্ক ও বিক্ষোভের মধ্যে এবার ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা। এ কর্মসূচি আয়োজনের জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গরু কেনার বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক।
জানা গেছে, ক্যাম্পাস প্রশাসনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা ‘জবিয়ানদের গরুভোজ কর্মসূচি’ পালনের ঘোষণা দেন। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) ক্যাম্পাসে এ কর্মসূচি আয়োজনের কথা জানানো হয়। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নিবন্ধনের জন্য একটি গুগল ফর্মের লিংকও প্রকাশ করা হয়।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
এদিকে প্রশাসনের নির্দেশনাকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। জকসুর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে বিজ্ঞপ্তি প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়।
সমাবেশে চার দফা দাবি উত্থাপন করেন জকসুর নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রশাসনের বিজ্ঞপ্তি প্রত্যাহার, নৈশভোজের ঘটনাকে সাম্প্রদায়িক উসকানিতে রূপ দেওয়ার অভিযোগ তদন্ত, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংসের ব্যবস্থা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রক্টরের দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. আজম খান এর আগে আরটিভিকে জানিয়েছিলেন, প্রশাসনের অনুমতি নিয়ে মার্জিত ও সুশৃঙ্খলভাবে গরুভোজের আয়োজন করা হলে তারা কোনো বাধা দিবে না।
আরটিভি/ এসকেডি


