ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‎চিঠি: থেমে যাওয়া এক স্মৃতির গল্প

‎সানজিদা জান্নাত পিংকি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১২:২২ এএম
প্রতীকী ছবি

‎একটা চিঠি আসার অপেক্ষা কেমন ছিল, তা হয়ত আজকের প্রজন্মের অনেকেরই জানা নেই। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টি, দরজার সামনে এসে থামা পায়ের শব্দ, হাতে ধরা একটি খাম আর খামের ওপর নিজের নামটি দেখে হঠাৎ চমকে ওঠা। খামটি খোলার আগেই কত প্রশ্ন, কত কৌতূহল! কে লিখেছে? কী লিখেছে? কত দিনের খবর জমে আছে সেই কয়েক পাতার কাগজে?

আজ সেই অপেক্ষা অনেকটাই অতীত। একটি বার্তা পাঠাতে এখন আর ডাকঘরে যেতে হয় না, খাম কিনতে হয় না, ঠিকানা লিখে ডাকটিকিট লাগাতে হয় না। কয়েকটি শব্দ লিখে ‘সেন্ড’ চাপলেই মুহূর্তে পৌঁছে যায় পৃথিবীর অন্য প্রান্তে। যোগাযোগের এই অভাবনীয় গতি মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু এর সঙ্গে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে চিঠির সেই ধীর, ব্যক্তিগত ও স্পর্শযোগ্য সৌন্দর্য।

চিঠির ইতিহাস অবশ্য এতটা আধুনিক নয়। মানুষের লিখিত যোগাযোগের ইতিহাস যত পুরোনো, চিঠির ইতিহাসও ততটাই দীর্ঘ। প্রাচীন মিসরে পাওয়া সবচেয়ে পুরোনো পরিচিত ডাক-সংক্রান্ত নথির তারিখ খ্রিষ্টপূর্ব ২৫৫ সাল। তবে এরও আগে রাজা-বাদশাহ ও শাসকেরা দূতদের মাধ্যমে লিখিত বার্তা পাঠাতেন। প্রাচীন চীন, পারস্য, মিশর, গ্রিস ও রোমে বিভিন্ন ধরনের বার্তাবাহক ও যোগাযোগব্যবস্থার অস্তিত্ব ছিল। দূরত্ব যত বেড়েছে, নির্ভরযোগ্যভাবে খবর পৌঁছে দেওয়ার প্রয়োজনও তত বেড়েছে।

প্রাচীনকালে চিঠি ছিল মূলত ক্ষমতা ও প্রশাসনের হাতিয়ার। রাজ্যের এক প্রান্তে থাকা শাসকের নির্দেশ অন্য প্রান্তে পৌঁছে দিতে হতো। যুদ্ধের খবর, কর আদায়ের নির্দেশ, বাণিজ্যিক তথ্য কিংবা কূটনৈতিক বার্তা সবকিছুর জন্য প্রয়োজন ছিল দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগের। পারস্য সাম্রাজ্যে ঘোড়সওয়ার বার্তাবাহকদের জন্য নির্দিষ্ট বিরতিস্থল ছিল। ফলে একসময় চিঠি শুধু কাগজে লেখা কয়েকটি বাক্য থাকলো না, এর সাথে গড়ে উঠল একটি বিশাল যোগাযোগ অবকাঠামো।

‎সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই যোগাযোগব্যবস্থা রাজদরবারের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের জীবনেও প্রবেশ করে। ধর্মীয় প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় নিজেদের বার্তা আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তোলে। পরে ব্যক্তিরাও ডাকব্যবস্থার সুযোগ পেতে শুরু করেন।

চিঠির ইতিহাসে বড় পরিবর্তন আসে উনিশ শতকে। ১৮৪০ সালে ব্রিটেনে রাওল্যান্ড হিলের ডাক সংস্কারের ফলে চিঠি পাঠানোর ব্যবস্থায় আসে যুগান্তকারী পরিবর্তন। একই বছর চালু হয় ‘পেনি ব্ল্যাক’, বিশ্বের প্রথম আঠালো ডাকটিকিট। ডাকমাশুলের নিয়ম সহজ হওয়ায় চিঠি পাঠানো সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য হয়ে ওঠে।

এরপর আন্তর্জাতিক ডাকব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার প্রয়োজন দেখা দেয়। ১৮৭৪ সালের ৯ অক্টোবর ২২টি দেশ বার্ন চুক্তির মাধ্যমে General Postal Union প্রতিষ্ঠা করে। ১৮৭৮ সালে এর নাম হয় Universal Postal Union বা UPU। একসময় যে ডাকব্যবস্থা ছিল বিচ্ছিন্ন দেশগুলোর আলাদা আলাদা ব্যবস্থার সমষ্টি, তা ধীরে ধীরে পরিণত হয় একটি বৈশ্বিক নেটওয়ার্কে।

দক্ষিণ এশিয়াতেও ডাকব্যবস্থার বিস্তার চিঠিকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তোলে। দূরের শহরে পড়তে যাওয়া সন্তান, অন্য জেলায় চাকরি করা বাবা, বিদেশে থাকা স্বজন কিংবা যুদ্ধক্ষেত্রে থাকা সৈনিক সবাই চিঠির মাধ্যমে আপনজনের কাছে পৌঁছাতেন। অনেক পরিবারে সপ্তাহের নির্দিষ্ট দিনটি হয়ে উঠত চিঠির অপেক্ষার দিন।

বাংলাদেশের ইতিহাসেও চিঠি ও ডাকব্যবস্থার রয়েছে আলাদা গুরুত্ব। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যোগাযোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের বাস্তবতায় মানুষের মধ্যে খবর পৌঁছানো, পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখা এবং মুক্তাঞ্চলে ডাকসেবা চালু রাখা ছিল বড় চ্যালেঞ্জ। স্বাধীনতার পর বাংলাদেশ আন্তর্জাতিক ডাকব্যবস্থার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় এবং ডাকব্যবস্থা নতুন রাষ্ট্রের যোগাযোগ অবকাঠামোর একটি অংশ হয়ে ওঠে।

চিঠি শুধু মানুষের ব্যক্তিগত সম্পর্কের সঙ্গেই জড়িত ছিল না। এটি ইতিহাস সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কোনো সরকারি প্রতিবেদনে হয়ত লেখা থাকে একটি যুদ্ধ হয়েছিল, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা একটি রাজনৈতিক ঘটনা ঘটেছিল। কিন্তু সেই সময়ের একজন সাধারণ মানুষ কী অনুভব করেছিলেন, পরিবারকে কী বলতে চেয়েছিলেন, দূরে থাকা স্বজনের জন্য তাঁর উদ্বেগ কতটা ছিল— তার অনেকটাই জানা যায় ব্যক্তিগত চিঠি থেকে। ইতিহাসবিদদের কাছে তাই ব্যক্তিগত চিঠি গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস। একটি চিঠির ভাষা, হাতের লেখা, কাগজ কিংবা খামও কখনো একটি সময়ের সামাজিক বাস্তবতার সূত্র হয়ে উঠতে পারে।

আর চিঠির সবচেয়ে বড় শক্তি ছিল তার ব্যক্তিগত স্পর্শ। হাতে লেখা চিঠিতে শুধু শব্দ থাকে না, থাকে একজন মানুষের সময়। একটি বাক্য লিখে থেমে যাওয়া, ভুল হলে কেটে দেওয়া, কোনো জায়গায় কালি একটু বেশি ছড়িয়ে যাওয়া— সবকিছু মিলে চিঠিটি হয়ে ওঠে তার লেখকের নিজস্ব উপস্থিতি।

সেই জায়গাতেই এসে আজকের বাস্তবতা কিছুটা বিষণ্ন। চিঠি এখন আর মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম নয়। ই-মেইল, এসএমএস, মেসেঞ্জার ও সামাজিক যোগাযোগমাধ্যম চিঠির জায়গা অনেকটাই দখল করে নিয়েছে। দ্রুততা এখন যোগাযোগের সবচেয়ে বড় মূল্য। একটি চিঠি পৌঁছাতে যেখানে কয়েক দিন লাগত, একটি মেসেজ পৌঁছাতে সেখানে কয়েক সেকেন্ডই যথেষ্ট।

ডাকব্যবস্থার পরিসংখ্যানও সেই পরিবর্তনের সাক্ষ্য দিচ্ছে। Universal Postal Union-এর ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, মোট ডাক ট্র্যাফিকের মধ্যে আন্তর্জাতিক চিঠির অংশ (আন্তর্জাতিকীকরণ হার) নেমে এসেছে এমন পর্যায়ে, যা প্রায় ১৮৮৮ সালের মাত্রার কাছাকাছি। ১৯১৩ সালে এই হার ছিল সর্বোচ্চ ৫ দশমিক ৫ শতাংশ, যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ০ দশমিক ৫ শতাংশে— অর্থাৎ গত এক শতাব্দীর প্রায় পুরো অর্জনই মুছে গেছে। প্রতিবেদন প্রণয়নকারী অর্থনীতিবিদ হোসে অ্যানসনের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে তা UPU-র জন্যই অস্তিত্বসংকট তৈরি করতে পারে। একই সময়ে আন্তর্জাতিক পার্সেল পরিবহনেও ২০১৯ সালের সর্বোচ্চ মাত্রা থেকে প্রায় ৬০ শতাংশ পতন ঘটেছে। ডিজিটাল যোগাযোগের দ্রুত বিস্তার এই পতনের অন্যতম প্রধান কারণ।

পরিবর্তনটি শুধু পরিসংখ্যানে নয়, মানুষের অভ্যাসেও। আগে চিঠি ছিল ব্যক্তিগত যোগাযোগের স্বাভাবিক মাধ্যম। এখন হাতে লেখা চিঠি অনেকের কাছে বিশেষ আয়োজন। ডাকঘরে গিয়ে চিঠি পাঠানোর চেয়ে ফোনে কথা বলা বা মেসেজ পাঠানো অনেক সহজ। ফলে চিঠি ধীরে ধীরে দৈনন্দিন জীবন থেকে সরে গিয়ে স্মৃতি, শখ কিংবা বিশেষ উপলক্ষের অংশ হয়ে উঠছে।

তবু কি চিঠি বিলুপ্ত হয়ে যাবে? হয়ত প্রচলিত অর্থে চিঠির ব্যবহার আরও কমবে। কিন্তু চিঠির প্রয়োজন একেবারে শেষ হয়ে যাবে কি না, তা বলা কঠিন। কারণ মানুষের অনুভূতি প্রযুক্তির গতির সঙ্গে বদলায় না। কাউকে ধন্যবাদ জানানো, ক্ষমা চাওয়া, বন্ধুকে নিজের মনের কথা বলা কিংবা দূরে থাকা প্রিয় মানুষকে মনে পড়ার কথা জানানো। এসবের জন্য আজও মানুষ কখনো কখনো একটু ধীর হতে চায়।

ডিজিটাল বার্তা আমাদের দ্রুত পৌঁছে দেয়, চিঠি আমাদের থামতে শেখায়। মেসেজ আমাদের খবর দেয়, চিঠি কখনো কখনো একটি স্মৃতি তৈরি করে। একটি পুরোনো চিঠি বহু বছর পরও খোলা যায়। তার কাগজ ছুঁয়ে একজন মানুষ ফিরে যেতে পারেন একটি নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কোনো মানুষের কাছে। একটি পুরোনো মেসেজ হয়ত একইভাবে অনুভূতি জাগাতে পারে, কিন্তু হাতে লেখা চিঠির বস্তুগত অস্তিত্ব তাকে আলাদা করে তোলে।

চিঠির বিলুপ্তির গল্প তাই কেবল একটি যোগাযোগমাধ্যম হারিয়ে যাওয়ার গল্প নয়। এটি আমাদের জীবন থেকে ধীরতার একটি অংশ হারিয়ে যাওয়ার গল্পও। প্রযুক্তি আমাদের অপেক্ষা কমিয়েছে, দূরত্ব কমিয়েছে, যোগাযোগকে সহজ করেছে। কিন্তু সেই সঙ্গে কমিয়েছে চিঠি লেখার জন্য বসে থাকার সময়, উত্তর আসার অপেক্ষা এবং কাগজে কারও হাতের লেখা দেখার আনন্দ।

আরও পড়ুন

হয়ত একদিন চিঠি দৈনন্দিন যোগাযোগের মাধ্যম হিসেবে সত্যিই প্রায় হারিয়ে যাবে। কিন্তু মানুষের স্মৃতিতে তার জায়গা থেকে যাবে। পুরোনো কোনো আলমারি খুলে পাওয়া একটি হলদে খাম তখনও হয়ত বলে উঠবে–একসময় মানুষ কথা বলত একটু ধীরে, অপেক্ষা করত একটু বেশি, আর কয়েক পাতার কাগজে রেখে যেত নিজের অনেকটা জীবন।

চিঠি শেষ পর্যন্ত শুধু কাগজ ও কালির ব্যাপারই না। চিঠি হলো সময় দেওয়ার গল্প। অপেক্ষার গল্প। স্মৃতির গল্প। আর সবচেয়ে বেশি একজন মানুষ থেকে আরেকজন মানুষের কাছে পৌঁছানোর গল্প। চিঠি হয়ত হারিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ যে একজন আরেকজনের কাছে পৌঁছাতে চায়, এই সত্যটি হারিয়ে যায়নি। আর যতদিন সেই চাওয়াটি থাকবে, ততদিন কোনো না কোনোভাবে চিঠিও বেঁচে থাকবে।

লেখক: সাবেক সভাপতি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং শিক্ষানবিশ আইনজীবী

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সন্ধিক্ষণ...
মহালয়া আসলে কোনো নির্দিষ্ট দিনের নাম নয়, মানুষের অস্তিত্বের ভেতরে বারবার ফিরে আসা এক সন্ধিক্ষণের নাম।
সন্ধিক্ষণ...
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কায় ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কায় আছেন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে পরাজয় ও নিয়ন্ত্রণ হারানোর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চার বছর মেয়াদী কার্যকালের দুই বছর পর ঠিক মাঝপথে অনুষ্ঠিত নির্বাচনকে বলা হয় মধ্যবর্তী নির্বাচন।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কায় ট্রাম্প
শিক্ষক থেকে পথপ্রদর্শক: যাদের কাছে ঋণী আমি
আজ মহান শিক্ষক দিবস। জীবনের এই বিশেষ দিনে সবার আগে গভীর কৃতজ্ঞতা জানাই আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক—আমার আম্মুকে। আমার জীবনের প্রতিটি ভালো অর্জনের পেছনে তার অবদান সবচেয়ে বেশি। তার ভালোবাসা, শাসন, ত্যাগ ও নিরন্তর অনুপ্রেরণাই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। এরপর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার স্কুলজীবনের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষকদের—প্রধান শিক্ষক দীন ইসলাম স্যার, ফরিদা ইয়াসমিন (আমার চাচি), নিপা মেম, হেলানা মেম ও ফাতেমা মেমকে। তাদের সঠিক দিকনির্দেশনা ও স্নেহেই চতুর্থ শ্রেণিতে আমার জীবনের মোড় ঘুরতে শুরু করেছিল। তাদের শেখানো অনেক কথাই আজও আমার পথচলার অনুপ্রেরণা। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে যখন মাধ্যমিক জীবনে পা রাখলাম, তখন নতুন করে কিছু মানুষ আমার সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। তাদের স্নেহ, শাসন ও অনুপ্রেরণায় পেয়েছি নতুন পথের সন্ধান। তাদের মধ্যে প্রধান শিক্ষক রেহানা মেম, শিলা মেম, তানিয়া মেম, দোলা মেম, হুজুর স্যার ও রাসেল স্যার অন্যতম। তাদের প্রত্যেকের কাছ থেকেই পেয়েছি জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা, যা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না। এরপর এলো কলেজজীবন। জীবনের এই অধ্যায়েও কিছু মানুষ আমার স্বপ্নকে আরও বড় করে তুলেছেন। রাবেয়া মেম, দীপ্তি মেম, শামীম স্যার, দেলোয়ার স্যার ও আবুবকর স্যার—তাদের নাম আমি কখনোই ভুলতে পারব না। তারা আমাকে শুধু পড়াননি; বরং স্বপ্ন দেখতে শিখিয়েছেন, সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন এবং বিশ্বাস করিয়েছেন—‘আমি পারব।’ তাদের সঠিক দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণার ফলেই আজ আমি দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের একজন শিক্ষার্থী। একই সঙ্গে তাদের অনুপ্রেরণায়ই ঢাবিতে (কলা অনুষদের নরমাল সাবজেক্টে), রাবি ও চবিতে ভর্তির সুযোগ হয়েছিল। আমার জীবনের সেই সময়ে তাদের উৎসাহ ও বিশ্বাস আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। বর্তমানে আমার বিশ্ববিদ্যালয়জীবনের পথচলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকদের অবদানও আমি কখনো ভুলব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও শিক্ষার্থীদের প্রতি তাদের যে স্নেহ, আন্তরিকতা ও ভালোবাসা—তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের কাছ থেকে প্রতিনিয়ত শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং জীবনকে কীভাবে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে হয়, সেটিও শেখার সুযোগ পাচ্ছি। শিক্ষাজীবনের প্রাতিষ্ঠানিক শিক্ষকদের বাইরেও আমার জীবনে শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমার চাচাতো বড় বোন মিম আপুর। ছোটবেলা থেকেই তিনি আমাকে অনেক অঙ্ক অনুশীলন করিয়েছেন। তার সেই পরিশ্রম ও সময় দেওয়ার সুফল আমি আজও পাচ্ছি। অনেক সময় একজন শিক্ষক শ্রেণিকক্ষে থাকেন না, কিন্তু তার শেখানোটা সারাজীবন আমাদের সঙ্গে থেকে যায়—মিম আপু আমার জন্য তেমনই একজন। এর পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা আমার শেখার জগৎকে আরও বিস্তৃত করেছে। সাংবাদিকতা করার সুবাদে আরটিভির অনলাইন ইনচার্জ আজাদ ভাই এবং শিফট ইনচার্জ ইমতিয়াজ ভাইয়ের কাছ থেকেও প্রতিনিয়ত অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। সংবাদকে কীভাবে দেখতে হয়, তথ্য যাচাই, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং কাজের প্রতি আন্তরিকতা— এসব বিষয়ে তাদের কাছ থেকে পাওয়া শিক্ষা আমার ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা। আজ পেছনে ফিরে তাকালে বুঝতে পারি, আমার জীবনের প্রতিটি ধাপে কোনো না কোনো শিক্ষক আমার হাত ধরে সামনে এগিয়ে দিয়েছেন। কেউ শিখিয়েছেন কীভাবে ভালো মানুষ হতে হয়, কেউ শিখিয়েছেন কীভাবে কঠিন সময়ে হাল না ছেড়ে এগিয়ে যেতে হয়, আবার কেউ আমার ওপর বিশ্বাস রেখে আমাকে নিজের ওপর বিশ্বাস করতে শিখিয়েছেন। আজ আমি যে পরিচয়ে পরিচিত, তার পেছনে আমার বাবা-মায়ের পাশাপাশি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের দেওয়া শিক্ষা, শাসন, স্নেহ, ভালোবাসা ও অনুপ্রেরণা আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। আমার জীবনের পথচলায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষক হিসেবে ভূমিকা রেখেছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা। শিক্ষক শুধু একটি পেশার নাম নয়; একজন শিক্ষক একটি জীবন বদলে দিতে পারেন। আর জীবনের এই দীর্ঘ পথে কিছু মানুষ শিক্ষক না হয়েও আমাদের অনেক কিছু শিখিয়ে যান। তাই এই মহান দিবসে আমার শিক্ষকদেরসহ বিশ্বের সকল শিক্ষকের প্রতি জানাই কৃতজ্ঞতা। শুভ শিক্ষক দিবস। আবুবকর সম্পদ জবি সংবাদদাতা, আরটিভি আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি আরটিভি/এমএইচজে
শিক্ষক থেকে পথপ্রদর্শক: যাদের কাছে ঋণী আমি
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে দ্বিতীয় মতামত কেন গুরুত্বপূর্ণ?
বিদেশে যাওয়ার সিদ্ধান্ত একটি পরিবারের জন্য বড় সিদ্ধান্ত। এর সঙ্গে জড়িয়ে থাকে অর্থ, সময়, মানসিক চাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—চিকিৎসা নিয়ে প্রত্যাশা। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কাছে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়—দ্বিতীয় মতামত নেওয়া। দ্বিতীয় মতামত মানে প্রথম চিকিৎসককে অবিশ্বাস করা নয়। বরং গুরুত্বপূর্ণ কোনো চিকিৎসা সিদ্ধান্তের আগে আরেকজন যোগ্য বিশেষজ্ঞের মতামত জানা। এতে রোগী ও পরিবার রোগের অবস্থা, চিকিৎসার বিকল্প, সম্ভাব্য ঝুঁকি এবং দেশে বা বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে পারেন। আমাদের দেশে কোনো জটিল রোগ ধরা পড়লেই অনেক পরিবার প্রথমে বিদেশে যাওয়ার কথা ভাবেন। আবার কেউ পরিচিত কারও অভিজ্ঞতাকে নিজের চিকিৎসার সিদ্ধান্তের ভিত্তি করেন। কিন্তু একই রোগ হলেও প্রতিটি রোগীর অবস্থা, চিকিৎসার প্রয়োজন এবং ঝুঁকি এক নয়। তাই একজনের ভালো অভিজ্ঞতা অন্যজনের জন্য একই ফল নিশ্চিত করে না। আমার দৃষ্টিতে, বিদেশে যাওয়ার আগে প্রথম প্রশ্ন হওয়া উচিত—“আমার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া কি সত্যিই প্রয়োজন?” এর উত্তর পেতে কয়েকটি বিষয় জানা দরকার। রোগটি ঠিক কী? চিকিৎসার উদ্দেশ্য কী? দেশে এই চিকিৎসার উপযুক্ত সক্ষমতা আছে কি না? বিদেশে গেলে অতিরিক্ত কী সুবিধা পাওয়া যাবে? সম্ভাব্য খরচ কত? আর চিকিৎসার পরবর্তী পর্যায়ের চিকিৎসা ও পর্যবেক্ষণ কীভাবে হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রোগীর চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্তে অংশগ্রহণ এবং চিকিৎসক ও রোগীর যৌথ সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরে। চিকিৎসার মান শুধু একটি নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতির ওপর নির্ভর করে না; নিরাপত্তা, রোগীকেন্দ্রিকতা, সময়োপযোগিতা এবং চিকিৎসার ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে জটিল বা দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। বিদেশে গিয়ে একটি চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসার পর পরবর্তী চিকিৎসা কোথায় হবে, প্রয়োজনীয় পরীক্ষা কোথায় হবে এবং চিকিৎসার তথ্য স্থানীয় চিকিৎসকের কাছে কীভাবে পৌঁছাবে—এসবও সিদ্ধান্তের অংশ হওয়া উচিত। কারণ চিকিৎসা একটি দিনের ঘটনা নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে দ্বিতীয় মতামত নেওয়া মানেই চিকিৎসা পরিবর্তন করতে হবে—এমন নয়। অনেক সময় দ্বিতীয় বিশেষজ্ঞের মতামত প্রথম চিকিৎসা পরিকল্পনাকেই আরও পরিষ্কার করে। আবার কখনো নতুন কোনো বিকল্প সামনে আসতে পারে। মূল বিষয় হলো—রোগী যেন নিজের চিকিৎসা সম্পর্কে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া ভুল—এমন কথা বলা যেমন ঠিক নয়, তেমনি বিদেশে গেলেই ভালো চিকিৎসা পাওয়া যাবে—এমন ধারণাও সব ক্ষেত্রে সঠিক নয়। কিছু বিশেষায়িত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন হতে পারে। আবার অনেক চিকিৎসার জন্য দেশের মধ্যেই উপযুক্ত সক্ষমতা থাকতে পারে। তাই আমার কাছে বিদেশে চিকিৎসার প্রশ্নটি “দেশ না বিদেশ”—এভাবে দেখার চেয়ে “প্রয়োজনের জন্য সঠিক জায়গা কোথায়?”—এই প্রশ্নে দেখা বেশি গুরুত্বপূর্ণ। একটি ভালো স্বাস্থ্যব্যবস্থা রোগীকে কোনো একটি সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় না। বরং তাকে সঠিক তথ্য, প্রয়োজনীয় বিকল্প এবং যোগ্য চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ দেয়। শেষ পর্যন্ত রোগী বিদেশে যাবেন, নাকি দেশে চিকিৎসা নেবেন—সিদ্ধান্তটি তার। আমাদের দায়িত্ব হলো সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে যথেষ্ট তথ্য ও আস্থার সুযোগ দেওয়া। কারণ চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কখনো কখনো আরেকজন বিশেষজ্ঞের মতামত শুধু একটি অতিরিক্ত পরামর্শ নয়— এটি হতে পারে আরও সচেতন সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। লেখক: মোহাম্মদ সালাহ উদ্দিন মামুন হেড অব ডিজিটাল, ব্র্যান্ড অ্যান্ড পিআর এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। আরটিভি/ এসকেডি
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে দ্বিতীয় মতামত কেন গুরুত্বপূর্ণ?
আঞ্চলিক লজিস্টিকস ও শিল্পের হাব হতে পারে বাংলাদেশ: জেট্রো
ভৌগোলিক অবস্থান ও বিপুল জনসংখ্যার কারণে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে আঞ্চলিক লজিস্টিকস ও শিল্পের কেন্দ্রে (হাব) পরিণত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
আঞ্চলিক লজিস্টিকস ও শিল্পের হাব হতে পারে বাংলাদেশ: জেট্রো
আরও পড়ুন
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা চিঠিটি পরম যত্নে রেখেছেন ছাইফুল্লাহ 
আসিফ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চায় দুদক, বিএফআইইউকে চিঠি