
বিদেশ ভ্রমণে গিয়ে স্মৃতি হিসেবে নানা কিছু সংগ্রহ করেন পর্যটকেরা। তবে ভারত ভ্রমণে এসে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন ব্রিটিশ দম্পতি লিলি ও ক্যালাম। ভারতীয় অটোরিকশায় চেপে ৪ হাজার ২১৮ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর প্রিয় সেই যানটিকে আর ফেলে যেতে পারেননি তারা। ছয় মাসের অপেক্ষা ও নানা আনুষ্ঠানিকতা শেষে অটোরিকশাটিকে জাহাজে করে নিয়ে গেছেন ব্রিটেনে।
দম্পতির এই ব্যতিক্রমী ভ্রমণকাহিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। ভারতে ভ্রমণের সময় কেনা অটোরিকশাটির নাম তারা রেখেছেন ‘টিমি দ্য টিন ক্যান’। লাল-কালো রঙের তিন চাকার যানটির সামনের দিকে কার্টুনের মতো চোখ ও হাসিমুখ আঁকা রয়েছে। চেন্নাইয়ে নিবন্ধিত অটোরিকশাটির নম্বর টিএন ০৩ এএ ৪৩৪২।
ভারতে ছয় মাসের সফর শেষে দেশে ফেরার সময় অটোরিকশাটিকে রেখে যেতে মন সায় দেয়নি লিলি ও ক্যালামের। তাই সেটিকে একটি বড় পণ্যবাহী কনটেইনারে তুলে জাহাজে করে ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করেন তারা। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় ছয় মাস।
অবশেষে ব্রিটেনের বন্দরে প্রিয় অটোরিকশা ‘টিমি’ পৌঁছালে উচ্ছ্বাস প্রকাশ করেন এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানান, ভারতে ৪ হাজার ২১৮ কিলোমিটার পথ অটোরিকশা চালানোর পর সেটিকে পেছনে ফেলে আসার কথা ভাবতেই পারেননি। দীর্ঘ অপেক্ষার পর আবারও প্রিয় যানটিকে কাছে পেয়ে আনন্দিত তারা।
তবে ব্রিটেনে পৌঁছালেও এখনই অটোরিকশাটি নিয়ে বাড়ি ফেরা কিংবা দেশটির রাস্তায় চালানোর সুযোগ পাচ্ছেন না দম্পতি। এর জন্য প্রয়োজনীয় নথিপত্র, শুল্ক ও সড়ক পরিবহণসংক্রান্ত নিয়মকানুন মেনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভারতে বেড়াতে এসে কেনা একটি অটোরিকশা যে তাদের ভ্রমণের স্মৃতির পাশাপাশি জীবনের সঙ্গী হয়ে উঠবে, তা হয়তো ভাবেননি লিলি ও ক্যালামও। হাজারো কিলোমিটারের পথ পাড়ি দিয়ে প্রিয় যানটিকে নিজের দেশে ফিরিয়ে নেওয়ার এই ঘটনা এখন ভ্রমণপ্রেমীদের কাছে এক ব্যতিক্রমী গল্প।
আরটিভি/এসকে




