
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রায় সব এজেন্ট ও চাকরিতে আবেদনকারীদের 'অতি সংবেদনশীল তথ্য' চুরি করার দাবি করেছে ‘শাইনি হান্টার্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। তবে এই দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল এবং সাইবার বিভাগের সহকারী পরিচালক ব্রেট লিদারম্যানকে পাঠানো এক বার্তায় হ্যাকাররা জানিয়েছে, তারা ব্যুরোর চাকরির ওয়েবসাইট 'fbijobs.gov'-এ অনধিকার প্রবেশ করেছে। এই ঘটনার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ওয়েবসাইটটি বন্ধ ছিল।
ঘটনাটি নিশ্চিত করে এফবিআই জানিয়েছে, নিরাপত্তা লঙ্ঘনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এটি এফবিআইয়ের নিজস্ব ব্যবস্থা থেকে হয়েছে, নাকি সংশ্লিষ্ট কোনো তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠানের ত্রুটি থেকে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাইবার অপরাধ বিশেষজ্ঞ আইনজীবী মিরিয়াম উগমিস্টার জানান, শাইনি হান্টার্সের অতীত কর্মকাণ্ডের কারণে তাদের এই দাবি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে ঠিক কতজন এজেন্ট ও আবেদনকারীর কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত মে মাসে এফবিআই শাইনি হান্টার্সকে 'থ্রেট অ্যাক্টর' বা ঝুঁকিপূর্ণ গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে একটি সতর্কবার্তা প্রকাশ করেছিল। হ্যাকারদের দাবি, ওই সতর্কবার্তার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে এবং এফবিআইকে সেই সতর্কবার্তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি সত্যিই তথ্য চুরি হয়ে থাকে, তবে এজেন্ট ও তাদের পরিবারের সদস্যরা হয়রানি, ব্লাকমেইল ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। ইতিপূর্বেও একাধিকবার এফবিআইয়ের অভ্যন্তরীণ ব্যবস্থা ও পরিচালকদের তথ্য লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
আরটিভি/এআর


