
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটের দিকে বিস্কেইন উপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী জানায়, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিলেন। ছবি ও ভিডিও ধারণের কাজে ভাড়া করা হেলিকপ্টারটি দিয়ে পানিতে চলাচলকারী নৌযানের দৃশ্য ধারণ করা হচ্ছিল।
মিয়ামি-ডেড কাউন্টির শেরিফ রোজি করদেরো-স্টুটজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে এক ব্যক্তি হেলিকপ্টারের এক আরোহীকে বাঁচানোর চেষ্টা করছিলেন। তবে শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পানিতে থাকা অপর দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও আপাতত স্থিতিশীল রয়েছে।
দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল রবিনসন আর৪৪ মডেলের। মিয়ামি এক্সিকিউটিভ বিমানবন্দরের পূর্ব দিকে পানিতে এটি বিধ্বস্ত হয়। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। উদ্ধার অভিযানে উপকূলরক্ষী বাহিনী, সীমান্ত ও শুল্ক বিভাগের আকাশ ও নৌ অভিযান দল এবং মিয়ামি-ডেড অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা অংশ নেন।
সূত্র: এবিসি নিউজ
আরটিভি/জেএমএ


