
নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে লিজিওনিয়ার্স রোগের নতুন একটি প্রাদুর্ভাব (ক্লাস্টার) দেখা দিয়েছে। সেখানে এ পর্যন্ত অন্তত ১০ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রাথমিক পিসিআর পরীক্ষায় উক্ত এলাকার অন্তত ১০টি ভবনের শীতলীকরণ টাওয়ারে (কুলিং টাওয়ার) লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। এসব স্থাপনার মধ্যে নিউইয়র্কের বিখ্যাত ক্রীড়া ভেন্যু ইয়াঙ্কি স্টেডিয়াম এবং নগরীর মালিকানাধীন লিংকন হাসপাতালও রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ১০৪৫১ ও ১০৪৫৬ জিপ কোড এলাকার মরিসানিয়া ও মেলরোজ অঞ্চলের সংশ্লিষ্ট ১০টি ভবনের শীতলীকরণ টাওয়ার সোমাকের মধ্যেই সম্পূর্ণ পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছে। অবশ্য স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় ব্যাকটেরিয়া মিললেও তা জীবিত ছিল কি না অথবা এখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে কি না, তা এখনো শতভাগ নিশ্চিত নয়।
সাধারণত উষ্ণ ও জমা পানিতে লিজিওনেলা ব্যাকটেরিয়া জন্ম নেয়। শীতলীকরণ টাওয়ারের বাষ্প বা ব্যাকটেরিয়াযুক্ত পানির ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়লে বাতাসের মাধ্যমে তা মানুষের শ্বাসপ্রশ্বাসে ঢুকে সংক্রমণের সৃষ্টি করে। চলতি গ্রীষ্মেই ম্যানহাটনের আপার ইস্ট সাইডে এই রোগের প্রাদুর্ভাবে ১১ জনের প্রাণহানি ঘটেছিল।
স্বাস্থ্য কমিশনার ডা. অ্যালিস্টার মার্টিন দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করে বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সী মানুষ, ধূমপায়ী ও দীর্ঘমেয়াদি ব্যাধিতে আক্রান্তদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আগস্টের শেষ দিক থেকে ওই এলাকায় বসবাসকারী, কর্মরত বা ভ্রমণকারীদের মধ্যে ফ্লুর মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হয়েছে।
তবে স্বাস্থ্য বিভাগ আশ্বস্ত করে জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ করা কলের পানি পান, গোসল বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার সম্পূর্ণ নিরাপদ। স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ নিরসনে ব্রঙ্কসের মেট্রোপলিটন কলেজে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক জরুরি উন্মুক্ত সভার আয়োজন করেছে নগর কর্তৃপক্ষ।
আরটিভি/এআর
-1791279891-407901_1791279918.jpg)

